খাদ্যবান্ধব কর্মসূচি
১৫ টাকা কেজিতে চাল কিনতে পারবেন ৫৫ লাখ কার্ডধারী

সংগৃহীত ছবি
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়।
কর্মসূচির আওতায় ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী ছয় মাস (আগাস্ট-নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) পর্যন্ত ১৫ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন।
খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন কার্ডধারী মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন।
দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এ কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফাইড রাইস) এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।
সেইসঙ্গে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের (দোকান ও ট্রাক) মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিতরণও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২ আগাস্ট পর্যন্ত খাদ্য মজুদের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ টন; গম ২ লাখ ৮০ হাজার ১০ টন এবং ১ লাখ ৫২ হাজার ১০৯ টন ধান থেকে রূপান্তরিত চাল রয়েছে।



