জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। দায়িত্ব গ্রহণের আগে নতুন অধিবেশন নিয়ে নিজের পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন তিনি। এর পরই সভাপতির দায়িত্ব নিয়ে শুরু করেন কাজ।
এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী পর্ব এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন তিনি। সেখানে সভাপতি হিসেবে আগামী অধিবেশনে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা নিয়ে তুলে ধরেন তার দৃষ্টিভঙ্গি।
শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তার।






