পূজার নিরাপত্তায় গাফিলতি বরদাশত করা হবে না: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্তসাপেক্ষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, এ দেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে বিভাজনের কোনো সুযোগ নেই, আমরা সবাই বাংলাদেশি। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিরাপত্তা ব্যবস্থার সুনির্দিষ্ট নির্দেশনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং মহানগর এলাকায় ডিএমপি কমিশনার ও আইজিপির সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। পূজা শুরুর আগেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও মহড়া নিশ্চিত করার পাশাপাশি ভোররাতের দিকে বিশেষ নিরাপত্তা ও পাহারায় গুরুত্ব দেন তিনি।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আয়োজক কমিটির ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। এ ছাড়া মণ্ডপে নারীদের যাতায়াতে পৃথক ব্যবস্থা রাখা, যানজট নিরসনে ট্রাফিক ও আনসার সদস্য মোতায়েন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার তাগিদ দেন। বিসর্জনকে কেন্দ্র করে মাদক সেবনসহ কোনো অনৈতিক কাজ যাতে না ঘটে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, মোহাম্মদ কামাল হোসেন ও সৈয়দ জয়নুল আবেদীন। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।



