বাংলাদেশ-রাশিয়া সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠীর সাক্ষাত

সংগৃহীত ছবি
বাংলাদেশ-রাশিয়া সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠীর সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ রুশ দূতাবাসে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, প্রতিনিধিদলকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এবং রুশ কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়। দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয়েছে।
বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশের পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে সেখানে।
বন্ধুত্ব গোষ্ঠীর সভাপতি সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেন, বর্তমানে পারমাণবিক শক্তি, কৃষি, শিক্ষা, জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে আমাদের সহযোগিতা অব্যাহত রয়েছে এবং এর আরও উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি ‘সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়’-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
সম্প্রতি মস্কো থেকে আগত ‘রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’-এর সভাপতি মিয়া সাত্তার, ‘ফ্রেন্ডশিপ গ্রুপ উইথ বাংলাদেশ’-এর অংশীদার রুশ সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও নির্ভরতা বৃদ্ধিতে উভয় সংসদীয় বিভাগ সরাসরি ভূমিকা পালন করবে।’





