‘মাঝেমধ্যেই এখানে কিন্তু চলে আসব’ আকস্মিক পরিদর্শনে গিয়ে খাদ্যমন্ত্রী

ছবি: আগামীর সময়
রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) আকস্মিক পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সিএসডিতে গিয়ে গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন খাদ্যমন্ত্রী।
তেজগাঁও সিএসডিতে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এ সময় গুদামে সংরক্ষিত চাল ও আটার মান পরীক্ষা করেন এবং দায়িত্বপ্রাপ্ত গুদামরক্ষকদের সঙ্গে কথাও বললেন তিনি।
চাল ও আটা কতদিন ধরে গুদামে সংরক্ষিত রয়েছে, তা জানতে সংশ্লিষ্ট রেজিস্টারও পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি প্রতিদিন কী পরিমাণ চাল ও আটা বিতরণ করা হয় এবং মজুদ ও বিতরণসংক্রান্ত সার্বিক তথ্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, তেজগাঁও সিএসডিতে মোট ৪৩টি গুদাম রয়েছে। এর মধ্যে চারটি গুদামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী সংরক্ষণ করা হয়। বর্তমানে চালু থাকা ৩৫টি গুদামে প্রায় ৩৭ হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে।
পরিদর্শনের সময় কয়েকটি গুদাম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে সেগুলো দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন। প্রয়োজনে এ বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় সিএসডির কর্মকর্তা-কর্মচারীরা জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা খাদ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়েও শোনেন মন্ত্রী। দিলেন সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস। তবে যেসব সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন এমনটিই আভাস দিলেন মন্ত্রী।
পরিদর্শন শেষে খাদ্যমন্ত্রী বললেন, ‘সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি মাঝেমধ্যেই কিন্তু এখানে চলে আসব। কেউ জানতে পারবেন না। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’
‘দেশটা সবার। আমরা সবাই একটি পরিবারের মতো। আমরা যেমন আমাদের নিজের ঘরের জিনিস চুরি হতে দিতে পারি না, তেমনি রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না’—সতর্ক করে বললেন মন্ত্রী।
খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশও দেন খাদ্যমন্ত্রী।
পরিদর্শনকালে খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





