সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: আগামীর সময়
সরকারের পাশাপাশি সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিত্তবানরা এগিয়ে এলে অসচ্ছল মানুষও সমানভাবে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।
রবিবার বঙ্গভবনে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনসের (বিএসসিআরএস) সভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলাম রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশেই এখন বিশ্বমানের কোলন ও রেক্টাল সার্জারি হচ্ছে। ফলে এ ধরনের চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন কমেছে। দেশের কোলন ও রেক্টাল সার্জনরা আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করেছেন।
এ সময় আগামী ২৭ অক্টোবর বিএসসিআরএসের উদ্যোগে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কোলোরেক্টাল সার্জারি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলাম। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিব এবং বিএসসিআরএসের সদস্য ও কোলন-রেক্টাল বিশেষজ্ঞ সার্জনরা উপস্থিত ছিলেন।



