বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় ‘অভিভূত’ কাজী জেসিন

ছবি: কাজী জেসিনের ফেসবুক থেকে
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে দেখা করে এমনটাই জানালেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান বিটিভির মহাপরিচালক। তার আগের দিন সোমবার তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর বৃহৎ পরিকল্পনা তুলে ধরে কাজী জেসিন লিখেছেন, ‘যে প্রতিষ্ঠানটিকে আওয়ামী শাসনামলে সরকার দলের এবং ফ্যাসিবাদের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি অতীতেও ক্রেডিবিলিটি না থাকার কালিমায় দর্শক হারিয়েছে, যে প্রতিষ্ঠানটিতে এমনকি গণঅভ্যুত্থানের পরও কোনো পরিবর্তনের সূচনা হয়নি— সেই বিটিভিকে প্রধানমন্ত্রী একটি ক্রেডিবল চ্যানেল হিসেবে দেখতে চান।’
সরকার প্রধানের প্রশংসা করে বিটিভির মহাপরিচালক বলেছেন, ‘গণঅভ্যুত্থানের পর অনেকেই “নয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত”বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তু “নয়া বন্দোবস্ত” -এর নামে শেষ পর্যন্ত আমরা কী দেখেছি, তা দেশবাসী জানেন। মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে ‘অভিভূত’ কাজী জেসিন বলেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হলেও সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন তিনি।






