পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ

ছবি: আগামীর সময়
জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘ কান্ট্রি টিমের নেতৃত্ব দেওয়ায় ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াকের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন হুমায়ুন কবির।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সম্প্রতি শেষ হওয়া উচ্চপর্যায়ের সপ্তাহে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রমের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতিসংঘের কর্মসূচিগুলোকে বাংলাদেশের ‘সংস্কার ও উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো (২০২৬-২০৩১)’-এর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের পৈতৃক ভিটায় দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের অব্যাহত প্রচেষ্টার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো প্রত্যাবাসন।
জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে জাতিসংঘ কান্ট্রি টিমের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াক।



