পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

সংগৃহীত ছবি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
টানা তিন দিন শুনানি শেষে রায়ের জন্য আদালত এদিন ঠিক করলেন।
এর আগে আলাদা দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেয়।
সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হয়। তবে সংশোধনীর বাকি অংশগুলো বহাল রেখেছিলো হাইকোর্ট।
পরে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করার দাবি জানিয়ে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদকসহ চার ব্যক্তি। সেই আপিলের ওপরই সর্বোচ্চ আদালতে শুনানি হয়।




