হত্যাচেষ্টা মামলা
ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন

দিলীপ কুমার আগরওয়াল- ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া পৃথক দুটি আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানালেন, আসামি দিলীপকে গুলশান থানার মামলায় একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে। এরপর এ মামলায় গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছিল তখনকার র্যাব। পরে তিনি ২০২৫ সালের ১ অক্টোবর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জামিন পেয়ে কারামুক্ত হন। যা নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। তার কারামুক্তির ১ বছর পর ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদে ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে কিছুটা সুস্থতা অনুভব করায় ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।



