অ্যাপল গ্লোবালের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের সাজা, অর্থ পাচারের দ্বিগুণ জরিমানা

গ্রাফিকস: আগামীর সময়
সাড়ে ৪০০ কোটি টাকা অর্থ পাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে পৃথক দুই ধারায় ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অর্থ পাচারের দ্বিগুণ হিসেবে ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল এ তথ্য জানালেন।
রায়ে বলা হয়েছে, অর্থ পাচারের দায়ে তাদের ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। পাশাপাশি পাচার হওয়া অর্থের দ্বিগুণ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। একই সঙ্গে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড পরিশোধ না করলে তাদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।
মামলার তদন্ত শেষে দুজনকে অভিযুক্ত করে গত বছরের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেন জালাল উদ্দিন। গত ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৮ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য নেন।



