সাংবাদিককে দমাতে এনআরবি ইক্যুইটির মামলা, প্রত্যাহারের দাবি

সংগৃহীত ছবি
সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সিএমজেএফ।
আজ সোমবার সংগঠনের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১০ মার্চ ঢাকার সিএমএম আদালতে ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা করে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। চলতি বছরের ১১ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে এ মামলা করা হয়েছে। প্রতিবেদনে শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির জালিয়াতি, দুর্নীতি ও ভুয়া তথ্যের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরা হয়েছিল।
সিএমজেএফ জানায়, এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের ইস্যু ব্যবস্থাপনায় ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় অ্যাসোসিয়েটেড অক্সিজেন। প্রতিষ্ঠানটিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে প্লেসমেন্ট বাণিজ্য ও প্রসপেক্টাসে জাল স্বাক্ষরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রতিবেদনে তুলে ধরা হয়।
সংগঠনটি আরও জানায়, প্রতিবেদন প্রকাশের ১০ দিন পর, ২১ জানুয়ারি বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই কমিটি এরই মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বর্তমানে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে বলেও দাবি করেছে সিএমজেএফ।
সিএমজেএফের নেতারা বলেছেন, এসব বিষয় বিবেচনায় মামলাটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও প্রতিশোধপরায়ণ পদক্ষেপ বলে তারা মনে করেন। সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মামলা গণমাধ্যমের কণ্ঠরোধ এবং শেয়ারবাজারের অনিয়ম-দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে স্তব্ধ করার অপচেষ্টা।
বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদে প্রকৃত ভুল বা অসংগতি থাকলে প্রতিবাদলিপি দেওয়া, সংশোধনী দাবি করা কিংবা প্রেস কাউন্সিলের মতো সংশ্লিষ্ট আইনি ও পেশাগত ফোরামে অভিযোগ দায়ের করাই যথাযথ পথ। সরাসরি সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন সাংবাদিক ও তার পরিবারকে ভয় দেখানো এবং সত্য প্রকাশে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে সংগঠনটি মনে করে।
সিএমজেএফ অবিলম্বে ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতাকে সুষ্ঠু ও স্বচ্ছ পুঁজিবাজার গঠনের অন্যতম শর্ত উল্লেখ করে সংগঠনটি জানিয়েছে, সাংবাদিকদের হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে তারা ভবিষ্যতেও সোচ্চার থাকবে।






