এসজেডএমসি ডে উদযাপনে ৩৫ সদস্যের কমিটি

সংগৃহীত ছবি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (এসজেডএমসি) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এসজেডএমসি ডে-২০২৬’ আয়োজনের জন্য ৩৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ও ১৪টি উপ-কমিটি গঠন করেছে এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামী ৪ ও ৫ নভেম্বর বগুড়ায় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
১৫ অক্টোবর ঘোষিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। সদস্যসচিব করা হয়েছে অধ্যাপক ডা. মো. জহুরুল হককে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ডা. জহিরুল ইসলাম জহির।
কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কলেজ ও হাসপাতালের সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
আয়োজন সফল করতে সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ১৪টি উপকমিটির দায়িত্বের মধ্যে রয়েছে নিবন্ধন, অভ্যর্থনা, অর্থ, আপ্যায়ন, সাংস্কৃতিক আয়োজন, আবাসন, প্রচার, গণমাধ্যম ও জনসংযোগ, ক্রীড়া এবং শৃঙ্খলা ব্যবস্থাপনা। এ ছাড়া স্মরণিকা প্রকাশ, সাজসজ্জা, র্যালি, উপহার ও বিশেষ সম্মাননা প্রদানের বিষয়গুলোও উপকমিটিগুলো দেখভাল করবে।
আয়োজকরা জানিয়েছেন, কলেজের ঐতিহ্য ও স্মৃতি উদ্যাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন দৃঢ় করাই এ পুনর্মিলনীর লক্ষ্য। এর মাধ্যমে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বাড়বে বলে আশা করছেন তারা।



