কারা মহাপরিদর্শক পদে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

সংগৃহীত ছবি
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে পদায়ন করা হয়েছে। এ পদে দায়িত্ব পালন করা কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পালনের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে কর্নেল মো. সাইদুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন পদে দায়িত্ব পালনের জন্য তার চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এর আগে গত আগস্টের শুরুতে কারা মহাপরিদর্শকের পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রায় এক মাস কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল অতিরিক্ত দায়িত্ব হিসেবে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এবার তার স্থলে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে কর্নেল মো. সাইদুল ইসলামকে পদায়ন করা হলো।




