‘পরীক্ষায় উত্তীর্ণ’ চীন-বাংলাদেশ সম্পর্ক, মির্জা ফখরুলকে শি জিনপিং

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং - ফাইল ছবি
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অভিনন্দনবার্তায় তিনি বলেছেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তীর্ণ হয়েছে।
সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে শি জিনপিং এ কথা বলেন। ঢাকায় চীনা দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
চীনা প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক।’
চিঠিতে শি জিনপিং উল্লেখ করেন, প্রতিবেশী দুই দেশ চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ একে অন্যকে সম্মান ও মূল্যায়নের পাশাপাশি সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে।
চীনের প্রেসিডেন্ট বলেন, দুই দেশ নিজেদের মৌলিক স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে পরস্পরকে সমর্থন করে আসছে। একই সঙ্গে নিজ নিজ আধুনিকায়নের পথে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বেইজিং ও ঢাকা।
বিবৃতিতে বলা হয়, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ত্বরান্বিত এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে প্রস্তুত শি জিনপিং।
চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, এসব উদ্যোগের মাধ্যমে ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তোলার দিকে এগিয়ে যেতে চান শি। এর মধ্য দিয়ে নতুন যুগে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং উভয় দেশের জনগণের জন্য আরও বাস্তব ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি স্থানীয় সরকারমন্ত্রী এবং ক্ষমতাসীন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তিনি ওই দুটি পদ ছেড়ে দেন।






