ল্যুভর জাদুঘরের সামনে দাঁড় করানো সাইকেলে বাসা বাঁধল ১০ হাজার মৌমাছি

প্যারিসের ল্যুভর জাদুঘরের সামনে দাঁড় করিয়ে রাখা বাইসাইকেলের সিটের নিচে এসে বসে পড়েছে মৌমাছিরা। ছবি: সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিস। শিল্পের শহর, আলোর নগরী। এই শহরে অবস্থিত ল্যুভর জাদুঘর। যেখানে মোনালিসার হাসি দেখতে ভিড় জমান হাজার হাজার পর্যটক। সেখানেই দেখা গেল প্রকৃতির এক সুন্দর দৃশ্যের।
জাদুঘরের আশেপাশে কোথাও কোনো ফুলের বাগান নেই, নেই নির্জন কোনো বৃক্ষের শাখা। অথচ সেখানেই এক পুরোনো বাইসাইকেলের সিটের নিচে হঠাৎ যেন মিলনমেলা বসেছে দশ হাজার মৌমাছির। তারা বেছে নিয়েছে এক অদ্ভুত ঠিকানা।
গত শনিবার বিকেলে জাদুঘরের সামনে মেট্রোস্টেশনের রেলিংয়ে সাইকেলটি তালাবদ্ধ করার কিছুক্ষণের মধ্যেই সেখানে জড়ো হয় মৌমাছির ঝাঁকটি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেট্রো প্রবেশপথটি সাময়িকভাবে বন্ধ করে দেয় প্যারিসের পরিবহন কর্তৃপক্ষ। মৌমাছিগুলো সরিয়ে নিতে ডাকা হয় একজন স্থানীয় মৌমাছি পালনকারীকে।
ঘটনাস্থলে সাইকেলে করে পৌঁছানো নগর মৌচাষি ভলকান তানাচি বলেছেন, এটি ছিল একবারেই অস্বাভাবিক একটি জায়গা। ঠিক মেট্রোর প্রবেশপথের পাশে। এটি সত্যিই একটি বড় মৌমাছির ঝাঁক। সম্ভবত মাঝখানে একটি রাণী মৌমাছি ছিল।
সাইকেলটির মালিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরো ঘটনার ছবি ও ভিডিও শেয়ার করে জানান, সাইকেলটি মাত্র আধা ঘণ্টার মতো পার্ক করা হয়েছিল। এর মধ্যেই মৌমাছির ঝাঁক এসে বসে।
সূত্র: বিবিসি



