দুর্গম অরণ্য থেকে ৯ দিন পর উদ্ধার ৭৯ বছরের বৃদ্ধ

সংগৃহীত ছবি
আর দশটা দিনের মতোই একাকী মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিলেন ৭৯ বছর বয়সী এক রুশ বৃদ্ধ। তবে সাধারণ সেই যাত্রা যে জীবন-মরণের এক চরম লড়াইয়ে রূপ নেবে, তা হয়তো তিনি ভাবেননি।
পথ হারিয়ে তিনি আটকা পড়েন রাশিয়ার সাখালিন দ্বীপের পিলভো গ্রামের চারপাশের ঘন ও দুর্গম পাহাড়ি বনাঞ্চলে। টানা ৯ দিন ধরে সেই বৈরী প্রকৃতির মাঝে টিকে থাকার পর অবশেষে উদ্ধার হয়েছেন তিনি।
নিখোঁজ হওয়ার পর পিলভো গ্রামে বৃদ্ধের পরিত্যক্ত গাড়িটি উদ্ধার হলে তল্লাশি অভিযানে নামে স্থানীয় প্রশাসন। তবে নিখোঁজ ওই ব্যক্তির নাম জানা না গেলেও তিনি একজন অবসারপ্রাপ্ত কর্মকর্তা বলে জানা গেছে।
রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জরুরি পরিস্থিতি বিষয়ক পলিয়াভক মন্ত্রণালয়, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য রক্ষা প্রতিনিধি দল এবং নিখোঁজ বৃদ্ধের স্বজনেরা মিলে শুরু করেন এই উদ্ধার অভিযান।
অবশেষে গত ১৫ জুলাই (বুধবার) নিখোঁজ হওয়ার দীর্ঘ ৯ দিন পর পিলোভকা নদীর তীরে স্থানীয় স্বেচ্ছাসেবকেরা তাকে খুঁজে পান। পরিত্যক্ত গাড়িটির এক কিলোমিটার দূরে বনের ভেতর জীবনের শেষ চেষ্টাটুকু করছিলেন তিনি।
জঙ্গল কেটে নিজের ফেরার পথ তৈরি করতে করতে তিনি তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন। পরে উদ্ধারকর্মীরা দুর্গম পথ পাড়ি দিয়ে বৃদ্ধকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ হয়ে উঠছেন তিনি।
এর আগেও ২০২৪ সালেও ওখোটস্ক সাগরের ঠাণ্ডা পানিতে একটি ছোট নৌকায় ৬৭ দিন ভেসে থাকার পর মিখাইল পিচুগিন (৪৬) নামের এক রুশ নাগরিককে উদ্ধার করা হয়েছিল জীবিত।
সূত্র : এনডিটিভি





