তেলের গোডাউন ও নকল ডিম কারখানায় 'সেনা অভিযানের' ভিডিও গুলো এআই

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, তেলের গোডাউন ও নকল ডিম তৈরির কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
Defense Lifestyle Bd নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত এসব ভিডিও ইতোমধ্যেই অনেকের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি করেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওগুলোর দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা কর্তৃপক্ষের তথ্য নেই। বরং ভিডিওগুলোর ভিজ্যুয়াল বিশ্লেষণে উঠে আসে একাধিক অসঙ্গতি।
ভিডিওতে থাকা ব্যক্তিদের কথা বলার ধরণ অস্বাভাবিক, কণ্ঠে কৃত্রিম ভারীভাব-যা স্বাভাবিক মানবকণ্ঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া আশেপাশের মানুষের নড়াচড়া ও পরিবেশের গতিবিধিতেও দেখা যায় অস্বাভাবিকতা, যা এআই-সম্পাদিত কনটেন্টের সাধারণ বৈশিষ্ট্য।
শুধু তাই নয়, সেনাবাহিনীর পোশাক দাবি করা ইউনিফর্মেও মিলছে না বাস্তবতার ছাপ। নেমট্যাগে বিচ্ছিন্ন বর্ণ, প্রতীকের ভুল উপস্থাপন-সব মিলিয়ে এগুলো পেশাদার সামরিক পোশাকের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ে এআই ডিটেকশন টুল Deepfake-o-meter ব্যবহার করলে সেটিও স্পষ্টভাবে জানায়-এসব ভিডিও সম্পূর্ণভাবে এআই দ্বারা সম্পাদিত।
সুতরাং “সেনাবাহিনীর অভিযান” দাবিতে প্রচারিত ভিডিওগুলো বাস্তব কোনো ঘটনার চিত্র নয়, বরং প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট।



