আপিলে আটকে গেল শিল্পী সমিতির শপথ

শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ পিছিয়ে গেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও কার্যনির্বাহী সদস্য পদে পলাশ খান নামের একজন স্বতন্ত্র প্রার্থীর ভোট পুনর্গণনার আপিলের কারণে আপাতত আটকে আছে এই প্রক্রিয়া।
গত শুক্রবার বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। তারা একই প্যানেল থেকে নির্বাচন করেন। ফল ঘোষণার পরপরই নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলেও শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়।
জয় চৌধুরী বললেন, ‘আমরা ৭ জুলাই শপথগ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা করছি। আজ সোমবার বিকালে রায় ঘোষণা হবে।’
জয় চৌধুরীর মতে, ভোট পুনর্গণনার আপিলের যৌক্তিকতা খুব একটা নেই। তিনি বলেন, ‘পলাশ খান ২২ ভোটের ব্যবধানে হেরেছেন। এক-দুই ভোটের ব্যবধান হলে যৌক্তিক মনে হতো। তাছাড়া তিনি ভোট গণনার সময় উপস্থিত ছিলেন, তারপরও পুনর্গণনার জন্য আপিল করেছেন।’




