অভিষেক র্যাপ অ্যালবামে চমক

টম হার্ডি -ইনস্টাগ্রাম
বড় পর্দায় অভিনয় প্রতিভার পরিচয় দেওয়ার পর এবার নিজের র্যাপার সত্তা ‘ফ্র্যাঙ্কি পুলিৎজার’ হিসেবে শ্রোতাদের মাতাতে হাজির হলেন ব্রিটিশ তারকা টম হার্ডি। ৪৮ বছর বয়সী এই অভিনেতার র্যাপ পরিচয়ের অভিষেক অ্যালবাম ‘জারফেস মিটস ফ্রাঙ্কি পুলিৎজার’ প্রকাশ পেয়েছে গত শুক্রবার। এর ১৫টি ট্র্যাকের একটিতে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এ (২০১২) নিজের অভিনীত বেন চরিত্রের কণ্ঠে শেকসপিয়ারের ‘রিচার্ড থ্রি’ নাটকের ‘উইন্টার অব আওয়ার ডিসকনটেন্ট’ মনোলগ আবৃত্তি করেছেন তিনি। ‘র ফরএভার’ গানে মার্টিন স্করসেসি পরিচালিত ‘ব্রিংগিং আউট দ্য ডেড’-এর (১৯৯৯) কথা উল্লেখ রয়েছে। এতে নিকোলাস কেজ অভিনীত চরিত্রের নাম ছিল ফ্র্যাঙ্ক পিয়ার্স। এ ছাড়া বিভিন্ন ট্র্যাকে ‘স্পাইডার-ম্যান’ (২০০২) মুভিতে উইলেম ড্যাফো অভিনীত গ্রিন গবলিন চরিত্র, ‘মিজারি’ (১৯৯০) সিনেমায় ক্যাথি বেটসের চরিত্র, মারভেল কমিকসের সুপার হিরো ডক্টর ডুম ও তার প্রকৃত নাম ভিক্টর, স্টিফেন কিংয়ের একাধিক সৃষ্টির উল্লেখ রয়েছে। ২০২১ সালে ফ্র্যাঙ্কি পুলিৎজার নামে এক রহস্যময় নতুন র্যাপারের আবির্ভাব হয়। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, এ গোপন পরিচয়ের আড়ালে আসলে রয়েছেন টম হার্ডিই। তার অ্যালবামে অতিথি হিসেবে কাজ করেছেন আমেরিকান তিন র্যাপার বাস্টা রাইমস, মেথড ম্যান এবং এল-পি।







