রোমানিয়ায় পুরস্কৃত ‘পার্সেল’

সাদিয়া আয়মান। ছবি: সাজ্জাদ হোসেন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়েছে অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনীত সিনেমা ‘পার্সেল’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আশরাফুজ্জামানের চলচ্চিত্রটি ২০২৬ সালের ‘ইস্টার্ন ইউরোপ ফিল্ম ফেস্টিভ্যাল’-এর বিশেষ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। আগামী ২২ অক্টোবর রোমানিয়ার ক্রাইওভা শহরে বসবে উৎসবের আসর। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আশরাফুজ্জামান।
সহজ-সরল এক মেয়ের জীবনে রূপকথার প্রভাব কীভাবে তাকে ধীরে ধীরে প্রতিবাদী করে তোলে এবং নিজের অধিকার ও অস্তিত্বের জন্য লড়তে শেখায় ‘পার্সেল’-এর গল্পে সেটাই তুলে ধরা হয়েছে। সাদিয়া আয়মান ছাড়া এতে অভিনয় করেছেন জুনায়েদ বোকদাদি, আবু হুরায়রা তানভীর, মনিরা মিঠু ও মাহবুবুর রহমানসহ অনেকে।
আন্তর্জাতিক স্বীকৃতির পর কানাডা ও যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে ৮০ মিনিটের সিনেমাটি জমা দেওয়ার কথা ভাবছেন পরিচালক। দেশে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনাও রয়েছে।
এদিকে ‘কাজলরেখা’ ও ‘উৎসব’ সিনেমার পর নাটকে কম দেখা যাচ্ছে সাদিয়াকে। কারণ হিসেবে অভিনেত্রী বলেছেন, গৎবাঁধা গল্পে আর তিনি কাজ করতে চান না। তার কাছে বড় বাজেটের চেয়ে গল্পের ‘সোল’ বা আত্মাটাই বেশি গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে নিজেকে আরও প্রস্তুত করে ভালো কাজের মাধ্যমে দর্শকদের কাছে নিজেকে তুলে ধরতে চান তিনি।
সাদিয়া জানিয়েছেন, দীর্ঘ সময় পর একটি চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সেটি নিয়ে বসবেন।





