ভাগ্যবতী শ্রিয়া

শ্রিয়া সরণ - ইনস্টাগ্রাম
বলিউড তারকা অজয় দেবগন ও অভিনেত্রী শ্রিয়া সরণ অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ বাজিমাত করেছে। ভারতের বক্স অফিসে ৩০০ কোটির মাইলফলক ছুঁয়েছে এই সিনেমা। প্রেক্ষাগৃহে দুর্দান্ত দাপট দেখিয়ে ১০ দিনে এর মোট আয় দাঁড়িয়েছে ৩০৬.৯৬ কোটি রুপি। ভারতে টিকিট বিক্রি থেকে এসেছে ৩৬৫.১৪ কোটি রুপি।
বিদেশের প্রেক্ষাগৃহেও দারুণ সাড়া ফেলেছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। বিভিন্ন দেশ থেকে এটি সংগ্রহ করেছে ৯১.৩৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় ৪৫৬.৪৮ কোটি রুপি। হিন্দি ‘দৃশ্যম’ সিনেমাগুলোর মূল চরিত্র বিজয় সালগাঁওকর গোয়ার এক টেলিভিশন অপারেটর ও চলচ্চিত্রপ্রেমী। বাড়িতে একটি খুনের ঘটনার পর পরিবারকে আইনের হাত থেকে বাঁচাতে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান তিনি।
বিজয়ের স্ত্রী নন্দিনী সালগাঁওকরের চরিত্রে অভিনয় করছেন শ্রিয়া। সদ্য মা হওয়ার পর এর শুটিং করেন তিনি। তখন তার মেয়ের বয়স ছিল মাত্র আট মাস।
৪৪ বছর বয়সী এই তারকা মনে করেন, দর্শকের প্রশংসা পাওয়া তার চরিত্রগুলোর পেছনে পরিচালকদের ও চিত্রনাট্যকারদের অবদানই সবচেয়ে বেশি। ক্যারিয়ারের সাফল্যে ভাগ্যেরও ভূমিকা রয়েছে বলে স্বীকার করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে শ্রিয়া বলেছেন, যেসব নির্মাতা তার ওপর আস্থা রেখেছেন এবং নির্দিষ্ট কিছু চরিত্রে তাকে ভেবেছেন, তারাই চলচ্চিত্রে তার অভিনয়জীবনের পথচলাকে সমৃদ্ধ করেছেন।
নিজের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি একেবারেই কাঁচা। আমার সবকিছুই ভাগ্যের ওপর নির্ভর করছে।’




