ডিডিএলজে’র অনুপ্রেরণায় ধ্রুব-দিয়া’স লাভ জার্নি

লাবণ্য চৌধুরী ও সাদ সালমি নাওভি । ছবি: ফেসবুক
বলিউডের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে) তিন দশক পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আজও দারুণ জনপ্রিয়। এর গল্পের মূল দুই চরিত্র রাজ ও সিমরানের প্রেম নতুন প্রজন্মকে আন্দোলিত করে। নব্বই দশকের সেই কালজয়ী প্রেমকাহিনির অনুপ্রেরণায় তৈরি হলো নতুন একটি ওয়েব ফিল্ম। এর নাম রাখা হয়েছে ‘মিশন ডিডিএলজে’। পূর্ণাঙ্গ রূপ হলো “ধ্রুব-দিয়া’স লাভ জার্নি”। এতেই বোঝা যাচ্ছে, গল্পের মূল দুই চরিত্রের নাম ধ্রুব ও দিয়া। এ দুজনের ভূমিকায় অভিনয় করেছেন সাদ সালমি নাওভি ও লাবণ্য চৌধুরী।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। তিনি আইস্ক্রিনের হেড অব কনটেন্ট পদে কর্মরত আছেন। শিগগিরই বড় আয়োজনে আনুষ্ঠানিকভাবে ‘মিশন ডিডিএলজে’ বিষয়ে জানানোর পরিকল্পনা চলছে।
ওয়েব ফিল্মের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এর লোকেশন। শুটিং হয়েছে মানিকগঞ্জের ঘিওরের বড় কুষ্টিয়া এলাকায়। বিশাল সবুজ মাঠ, ধানক্ষেত, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এবং একটি বড় পুরনো বাড়িকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্পের গুরুত্বপূর্ণ অংশ। নির্মাণসংশ্লিষ্টরা জানালেন, জায়গাটি এরই মধ্যে শুটিং লোকেশন হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। মানিকগঞ্জের সবুজ ধানক্ষেতে নাওভির দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ও লাবণ্যর সেদিকে ছুটে যাওয়ার মুহূর্তের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, দিয়ার বাবার ভূমিকায় অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন। এ ছাড়া আরও কয়েকজন অভিজ্ঞ অভিনেতা বিভিন্ন চরিত্রে থাকছেন।





