রানা চৌধুরী-মিহি জুটির দুর্গাপূজার বিশেষ নাটক ‘রাধিকা’

রানা চৌধুরী ও মিহি আহসান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘রাধিকা’। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।
নাটকটি প্রচারিত হবে বুধবার ২১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে।
নাটকের গল্পে দেখা যাবে, দরিদ্র পরিবারের মেয়ে রাধিকা। দেখতে মিষ্টি হলেও স্বভাবে বেশ কঠিন। গ্রামে গ্রামে ঘুরে লাউ, শশা, কুমড়োসহ বিভিন্ন সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করে সে। সবজি বিক্রির সময় অনেকেই নানা অজুহাতে তার সঙ্গে কথা বলতে চায়। তবে রাধিকার কঠিন মেজাজের কারণে শেষ পর্যন্ত সবাই দূরে সরে যায়।
দারিদ্র্যের মধ্যেও রাধিকার আত্মসম্মানবোধ প্রবল। কাউকে সহজে বিশ্বাস করে না সে। প্রতিদিন বাজারে সবজি বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে চাল-ডাল কিনে বাড়ি ফেরে। ঘরে তার বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই। বয়সের ভারে বাবা কর্মহীন। ফলে সংসারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে রাধিকা।
এদিকে রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। প্রতিদিন বাজারে এসে দূর থেকে রাধিকাকে দেখে সে। কিন্তু সামনে গিয়ে কথা বলার সাহস পায় না। বিষয়টি একসময় রাধিকারও নজরে আসে। অন্যদের চেয়ে মাধবকে কিছুটা আলাদা মনে হয় তার। তাই ধীরে ধীরে মাধবকে কিছুটা প্রশ্রয় দিতে শুরু করে রাধিকা।
সরাসরি ভালোবাসার কথা না বললেও মাধব তার আচরণে রাধিকাকে নিজের অনুভূতির কথা বুঝিয়ে দেয়। একপর্যায়ে মাধবের প্রতি দুর্বল হয়ে পড়ে রাধিকাও। দুজনের মধ্যে গড়ে ওঠে ভালো লাগা ও ভালোবাসার সম্পর্ক। তারা স্বপ্ন দেখতে শুরু করে নতুন করে ঘর বাঁধার।
কিন্তু তাদের সেই স্বপ্নের পথে হঠাৎ নেমে আসে এক ঝড়। সেই ঝড়ই বদলে দেয় রাধিকা ও মাধবের জীবনের গল্প। নাটকের পরিণতিতে কি ঘটে, তা জানতে অপেক্ষা করতে হবে প্রচারের সময় পর্যন্ত।




