ভেঙে ফেলা হলো বলিউড অভিনেতা অজয় দেবগনের বাড়ির একাংশ

জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত বাড়ির আয়তন ৭ হাজার ৮০২ বর্গফুট। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহু এলাকার বাড়ির একাংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।
অনুমতি ছাড়া নির্মাণকাজের অভিযোগে কাজ বন্ধের নোটিস দেওয়ার কয়েক দিন পর আজ শনিবার এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত বাড়ির আয়তন ৭ হাজার ৮০২ বর্গফুট। বিএমসির অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়া সেখানে সংস্কার ও নির্মাণকাজ চলছিল।
বিএমসির তথ্য অনুযায়ী, বাড়িটির ভেতরের অংশে পরিবর্তন, পার্টিশন দেয়াল নির্মাণ, জানালার কাঠামো পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছিল।
এসব কাজের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন আইনের ৩৫৪-এ ধারায় আনুষ্ঠানিক নোটিস দেয় বিএমসি। এতে নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করা এবং বৈধ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে নোটিসের পরও নির্মাণকাজ চলতে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে বিএমসির কর্মকর্তারা সেখানে গিয়ে অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে দেন।
সূত্র : এনডিটিভি



