শাকসু পুনরুদ্ধারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

ছবি: আগামীর সময়
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক শাকিল মাহমুদ বলেছেন, নানা প্রতিকূলতা পেরিয়ে গত ২০ জানুয়ারি আমাদের শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। তবে একদিন আগে হাইকোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়। আমরা গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার ও প্রশাসনের কাছে আশা করেছিলাম, তারা শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন স্থগিত করেছিলাম এবং আশা করেছিলাম কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচন হবে। কিন্তু প্রশাসন আমাদের সেই বিশ্বাস রাখেনি।
জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন বলেন, বর্তমান প্রশাসনে যারা এখন বিভিন্ন পদে রয়েছেন, তারাই একসময় শাকসু বানচালের সঙ্গে জড়িত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বলতে চাই শাকসু আমাদের অধিকার আপনাদের কোনো করুণা নয়। আপনাদের নৈতিক দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার তাদের হাতে তুলে দেওয়া। শাবিপ্রবি ক্যাম্পাসে শাকসু হবেই। আর শিক্ষার্থীরা ভালো করেই জানে, সেটা কীভাবে আদায় করে নিতে হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক রশিদ আবরার, শাখা ইনকিলাব মঞ্চের সভাপতি হাফিজুল ইসলাম, শাখা ইসলামি ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম পবন প্রমুখ।





