কুনমিংয়ে ফ্রুটস ফেস্টিভ্যাল
চীনে ফল রপ্তানির নতুন সম্ভাবনা

ছবি: বাসস
চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে আজ শুরু হচ্ছে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬। মেকং-লানচান অঞ্চলের অন্যতম বৃহৎ এ ফল উৎসবে এবার দ্বিতীয়বারের মতো কো-অর্গানাইজার (সহ-আয়োজক) হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের ফল ও কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এবারের আয়োজনেও অংশ নিচ্ছে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠান।
উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো মেলায় তাজা, শুকনো ফলসহ বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করবে এবং চীনা ক্রেতা ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে। মেকং-লানচান অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি-বাণিজ্য সম্প্রসারণ, ফল উৎপাদন ও রপ্তানি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ উৎসবে থাকবে বিভিন্ন ফল প্রদর্শনী, আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং নতুন বাজার অনুসন্ধানের সুযোগ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের এ উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করছে। কুনমিংয়ের টোংদে কুনমিং প্লাজায় অনুষ্ঠিত এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য চীনের বাজারে প্রবেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।






