দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে এফটিএর তাগিদ

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে একটি কার্যকর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সরাসরি ব্যবসায়িক বৈঠক এবং পণ্য পরিবহনে লজিস্টিকস জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেন তিনি। গতকাল রবিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে বর্তমানে দুই দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতার বিষয়টি উঠে আসে। বাংলাদেশ পাকিস্তান থেকে তৈরি পোশাকশিল্পের বিভিন্ন কাঁচামালসহ উল্লেখযোগ্য পরিমাণ পণ্য আমদানি করলেও পাকিস্তানে বাংলাদেশের রপ্তানি তুলনামূলক কম। এ পরিস্থিতিতে পাকিস্তান থেকে কেমিক্যাল ও ডাইস আমদানি বাড়ানোর পাশাপাশি দেশটিতে বাংলাদেশি জুট ইয়ার্ন ও ফার্মাসিউটিক্যালস রপ্তানি বাড়ানোর প্রস্তাব দেন বিজিএমইএ সভাপতি। হাইকমিশনার এসব প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি রেজোয়ান সেলিম, পরিচালক শাহ রাঈদ চৌধুরী ও মোহাম্মদ সোহেল, মহাসচিব মেজর জেনারেল সাহেদুল ইসলাম (অব.) এবং পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



