সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

প্রতীকী ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাউথইস্ট ব্যাংকের চলতি বছরের প্রথম ছয় মাসে ইপিএস হয়েছে ১ দশমিক ৬৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা। ফলে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬৪ শতাংশ।
তবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) ব্যাংকটির ইপিএস হয়েছে ০.৬৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৫৯ টাকা। এ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ০.০৬ টাকা বা ১০ শতাংশ।
গত ৩০ জুন ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.১৬ টাকা।
এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ আয় বৃদ্ধি এবং ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশন কম রাখায় ইপিএস বেড়েছে। এছাড়া অন্যান্য ব্যাংক ও গ্রাহকদের কাছ থেকে ঋণ ও আমানত বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স :
এ বিমা কোম্পানিটির চলতি বছরের প্রথম ছয় মাসে ইপিএস হয়েছে ১ দশমিক ৯৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৭৮ টাকা। ফলে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৯ শতাংশ।
তবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কিছুটা কমেছে। এপ্রিল-জুন সময়ে ইপিএস হয়েছে ০.৮১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৮৪ টাকা। এতে ইপিএস কমেছে ০.০৩ টাকা বা ৪ শতাংশ।
গত ৩০ জুন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৭ টাকা।




