সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির মুরাদ

প্রতীকী ছবি
দিনাজপুরে আনসার-ভিডিপির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সিসিলিতে উচ্চ বেতনে চাকরির চূড়ান্ত অফার পেয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার বিষপাড়া গ্রামের মো. মুরাদ হোসেন। আগামী তিন মাসের মধ্যে তার ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর কথা রয়েছে।
মো. মুরাদ হোসেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তিনি আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।
সিসিলিতে চাকরির চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনলাইনে তার সাক্ষাৎকার নেয়। এ জন্য গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে সাক্ষাৎকার দেওয়ার ব্যবস্থা করা হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সফিপুর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ও বাহিনীর সদর দপ্তরের প্রকল্প প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক।
এর আগে চলতি বছরের জুলাই মাসে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহযোগিতায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান মুরাদ। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও চাকরির অফার পেয়েছিলেন। তবে পারিবারিক সমস্যার কারণে তখন তার দুবাই যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। এবার সিসিলিতে চাকরির চূড়ান্ত অফার পাওয়ায় তার কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে জাপানি ভাষা শিক্ষা (এন৪ ও এন৫ স্তর), ৬জি ওয়েল্ডিং, রাজমিস্ত্রির কাজ, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ। পাশাপাশি বিদেশে কাজের উপযোগী করে তুলতে সাংস্কৃতিক অভিযোজন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
এ ছাড়া কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে সম্প্রতি যুক্ত হয়েছে ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ কেন্দ্রের বাস। প্রশিক্ষণকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং প্রশিক্ষণ-পরবর্তী সহায়তামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে বাহিনী।
সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মুরাদ হোসেনের সিসিলিতে চাকরির চূড়ান্ত অফার পাওয়াকে এসব কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রমের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।



