অঞ্জনস ইন্টারন্যাশনাল র্যাপিড দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মিনহাজ

অঞ্জন’সের পৃষ্ঠপোষকতায়, এসএসপি স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত অঞ্জনস ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন। তিনি আট খেলায় সাড়ে সাত পয়েন্ট অর্জন করে শিরোপা জেতেন।
সাত পয়েন্ট করে অর্জন করেন দুই খেলোয়াড়। টাইব্রেকিংয়ে বাংলাদেশ আনসার ও সোনারগাঁও ইউনিভার্সিটির আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানারআপ এবং সাধারণ বীমা করপোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ তৃতীয় স্থান অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন অঞ্জন’সের স্বত্বাধিকারী ও সিইও শাহিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।
এর আগে সকালে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন অঞ্জন’সের চিফ অব অপারেশন মাহিন আহমেদ মোজাম্মেল।
আট রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চারজন আন্তর্জাতিক মাস্টার, একজন মহিলা আন্তর্জাতিক মাস্টার, সাতজন ফিদে মাস্টার এবং একজন মহিলা ফিদে মাস্টারসহ মোট ১৬৯ জন দাবাড়ু অংশ নেন।
বিজয়ীদের মধ্যে মোট এক লাখ এক হাজার টাকা নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি মেডেল প্রদান করা হয়।




