গ্রিন ইউনিভার্সিটিতে অগ্নি নিরাপত্তা মহড়া

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘অ্যানুয়াল ক্যাম্পাস ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ইভাকুয়েশন ড্রিল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির প্রথম পর্বে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালা পরিচালনা করেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় আয়োজিত এ সেশনে তিনি অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপণ যন্ত্র, সেগুলোর ব্যবহার ও কার্যকারিতা নিয়ে উপস্থাপনা করেন। এতে অংশগ্রহণকারীরা অগ্নি প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারের বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
দ্বিতীয় পর্বে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে ব্যবহারিক অগ্নিনির্বাপণ ও জরুরি প্রতিক্রিয়া প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ, ভেজা কম্বল ব্যবহার করে আগুন নেভানো, গ্যাস সিলিন্ডারের সংযোগ নিরাপদে বিচ্ছিন্ন করা এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি পানি ব্যবহার করে অগ্নিনির্বাপণের পদ্ধতিও প্রদর্শন করা হয়।
পরে একটি জরুরি নির্গমন মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নি সতর্ক সংকেত বাজানো, ধোঁয়াপূর্ণ পরিবেশে নিরাপদে ভবন ত্যাগ এবং আহত বা অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের প্রক্রিয়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার। তারা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ ও ইভাকুয়েশন ড্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সবার সচেতন অংশগ্রহণ প্রয়োজন বলেও তারা মত দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, সহায়ক কর্মী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।




