এপেক্সের বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

ছবি: সৌজন্য
পরিবেশবান্ধব কেনাকাটার বিকল্প হিসেবে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগ চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, ফেলে দেওয়ার সাত মাসের মধ্যেই এসব ব্যাগ সম্পূর্ণ পচে মাটির সঙ্গে মিশে যায় এবং ক্ষতিকর কোনো অবশিষ্টাংশ রেখে যায় না।
আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়নি। ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পৃথকভাবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে এপেক্স।
পলিথিনের পরিবেশগত প্রভাব কমাতে এবং গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটায় পরিবেশবান্ধব বিকল্প দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ চালু এপেক্সের পরিবেশ ও টেকসই উন্নয়ন কার্যক্রমের অংশ। এর আগে ব্যবহৃত সিনথেটিক উপকরণ পুনর্ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জ্বালানিসাশ্রয়ী অবকাঠামো গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এপেক্স জানিয়েছে, ব্যবসায়িক কার্যক্রমের পরিবেশগত প্রভাব কমিয়ে আরও দায়িত্বশীল ও টেকসই চর্চা গড়ে তুলতে তারা কাজ করছে।







