এজিএমের এক দিন পরই নগদ লভ্যাংশ দিল ওয়ালটন

সংগৃহীত ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৫-২৬ হিসাব বছরের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে বিতরণ করেছে। বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাত্র এক দিন পর এ অর্থ পরিশোধ করেছে কোম্পানিটি।’
কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএসের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম অনুষ্ঠিত হয়। সভায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার অংশ নেন। তাঁরা সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এর পরদিনই বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের অর্থ পাঠানো হয়।
মো. রফিকুল ইসলাম বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, পরিচালনগত গতিশীলতা ও শক্তিশালী তারল্য অবস্থানের কারণে অল্প সময়ের মধ্যে নগদ লভ্যাংশ বিতরণ সম্ভব হয়েছে। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে ওয়ালটন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে ওয়ালটনের প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১৮ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন। পাশাপাশি প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার পাবেন তাঁরা।
শেয়ারহোল্ডারদের অনুমোদিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে ওয়ালটনের মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৯৪ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৩৬৩ টাকা।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩১ টাকা ১১ পয়সা। পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির মোট নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭০৪ কোটি টাকা। পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ২৮০ টাকা ২৪ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, অনুমোদিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ থেকে পাওয়া শেয়ার কোম্পানির চলমান সবুজ জ্বালানি সক্ষমতা সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিকায়ন ও সম্প্রসারণমূলক (বিএমআরই) কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ স্টক লভ্যাংশ সম্পূর্ণভাবে সংরক্ষিত মুনাফা (রিটেইনড আর্নিংস) থেকে দেওয়া হবে।



