আইডিআরএর সদস্য হলেন সিরাজুল ইসলাম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) পদে মো. সিরাজুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর মেয়াদে আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।






