অষ্টগ্রাম হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

কিশোরগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান আলী (৩৫) নামে এক ধান কাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে অষ্টগ্রামের আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার হাওরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিক ইমান আলী একই এলাকার আবুল হোসেনের ছেলে।
বুধবার সকালে জাকারিয়া নামের এক ব্যক্তির বোরোধান কাটতে যান ইমান আলী। তার সঙ্গে ছিল আরও তিনজন। ধান কাটার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শ্রমিকরা নৌকা নিয়ে বাড়ির দিকে আসতেছিল। হঠাৎ নৌকা ডুবে গেলে শ্রমিক ইমান নিখোঁজ হয়। অন্য ৩ জন সাঁতরে পাড়ে চলে আসে।
পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধারে হাওরে অভিযান চালাচ্ছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ রোকনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেছেন, হাওরের পানিতে ডুবে ধান কাটার শ্রমিক নিখোঁজ বিষয়টি এলাকাবাসী জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হাওরে।




