চুরির অভিযোগে ‘ভারসাম্যহীন’ তরুণের চুল কেটে নির্যাতনের অভিযোগ

তরুণের চুল কেটে তার সঙ্গে ছবি তুলেছেন স্থানীয় এক যুবক
পাবনায় চুরির অভিযোগে ‘ভারসাম্যহীন’ এক তরুণের মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নে জয়নগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় সমালোচনা।
স্থানীয়দের ভাষ্য, ওই গ্রামের শাহিনুর প্রামাণিকের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিলেন ওই তরুণ। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করেন। পরে চুরির অভিযোগে বকুল প্রামাণিক নামের স্থানীয় এক ব্যক্তি তার মাথার চুল কেটে দেন।
স্থানীয়দের অভিযোগ, ওই কিশোর মাদকাসক্ত। মাদকসেবনের জন্য তিনি মোবাইল ফোন চুরি করেছেন।
ভুক্তভোগী কিশোরের বাবা সুজন সরদার বললেন, ‘ছেলেকে আটকের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি।’
তার দাবি, ‘ছেলে মানসিক ভারসাম্যহীন। হয়তো না বুঝে চুরি করেছে।’ চুল কেটে নির্যাতনের ঘটনাটিকে অমানবিক বলেও মন্তব্য করেছেন তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





