গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত ছেলে

গ্রাফিকস: আগামীর সময়
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের গাছ কাটার সময় ডাল মাথায় পড়ে মো. ইয়াসিন আলী নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শালঘড়িয়া গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে সড়কের একটি গাছ কাটার সময় এর একটি ডাল বাবা-ছেলের মাথার ওপর পড়ে। এতে ইয়াসিন আলী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তার ছেলে রিয়াদও মাথায় গুরুতর আঘাত পায়।
আহত রিয়াদকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, নিহত ইয়াসিন আলীর মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।



