মায়ের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন দীপু মনির মেয়ের

মায়ের প্যারোলে মুক্তি চেয়ে মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনির মেয়ে তানী দীপাবলি। ছবি: আগামীর সময়
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুতে মুন্সিগঞ্জ কারাগারে থাকা দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন তার মেয়ে তানী দীপাবলি।
আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ আবেদন করেন।
এর আগে দুপুর ১২টার দিকে তানী দীপাবলি কারাগারে থাকা মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে যান।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো. রেজাউল করিম জানিয়েছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।
আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি জুলাই আন্দোলনের পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক আছেন।
তার স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নেওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত ২৭ মে হুইল চেয়ারে করে কারাবন্দি স্ত্রীকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।
অপরদিকে দীপু মনি হাই কোর্টে বেশ কয়েকটি মামলায় জামিন পেলেও আরও অনেক মামলায় তার নাম থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জ মিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে।
গক ২৭ মে তৌফীক নেওয়াজের অসুস্থতার কথা তুলে ধরে দীপু মনিকে সাত দিন প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলী নেওয়াজ।
তবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে পরে আর সাড়া মেলেনি।







