নওগাঁ থেকে পাচারের সময় জব্দ ১২০ বস্তা সার

পাচারকৃত সার উদ্ধারে অভিযানিক দলের পরিচালনায় ইউএনও মো. নূরুল আমিন।
নওগাঁ থেকে অন্যত্র পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন এলাকা থেকে অভিযান পরিচালনা করেন ইউএনও মো. নূরুল আমিন।
ইউএনও জানালেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে ২টি ভটভটিতে (নসিমন) করে ১২০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পার্শ্ববর্তী এলাকায় কে বা কারা নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা রাস্তার ওপর গাড়ি দুটি থামিয়ে প্রশাসনের কাছে খবর দেয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিএপি কমপ্লেক্স সারগুলোর সরকারি দর ১ লাখ ২৬ হাজার টাকা। জব্দ সারগুলো স্থানীয় দুবলহাটি ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
ইউএনও বললেন, কৃষি বিভাগের তত্ত্বাবধানে ওই সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযানের সময় পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



