রাজাপুরে খালে গোসল করায় ৭ বছরের শিশুকে মারধরের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে খালে গোসল করাকে কেন্দ্র করে মো. আরাফাত (৭) নামে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে আব্দুল লতিফ মাতুব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু আরাফাত উত্তমপুর বাজার এলাকার নুরানি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আসাদুজ্জামান রুবেল ওই এলাকায় সিমেন্টের ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শী শিশু আব্দুল্লাহ আল সাইদ, তাজিম আক্তার ও ইনসানা মাহিরা জানায়, বৃহস্পতিবার দুপুরে চার শিশু বাড়ির সামনের খালে গোসল করছিল। একপর্যায়ে আরাফাতসহ কয়েকজন খালের অপর প্রান্তে গেলে পাড় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়ে তাদের সেখানে যেতে বাধা দেন আব্দুল লতিফ মাতুব্বর। এ সময় আরাফাতের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে শিশুটিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর পরিবারের সদস্যরা আরাফাতকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযুক্ত আব্দুল লতিফ মাতুব্বর জনস্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত মাঠকর্মী। তিনি ওই এলাকার বাসিন্দা মুজাই মাতুব্বরের ছেলে।
এ বিষয়ে রাজাপুর থানার এএসআই আরিফ বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




