পুলিশ দেখে খালে ঝাঁপ, গ্রেপ্তার ১৬ মামলার আসামি

ছবি: আগামীর সময়
বরিশালের হিজলায় কচুরিপানা ভরা খালে ঝাঁপ দিয়েও পুলিশের হাত থেকে রক্ষা পাননি ১৬ মামলার আসামি আব্দুল জলিল বেপারী। খাল থেকে তাকে তুলে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। গ্রেপ্তার আব্দুল জলিলের বাড়ি ওই গ্রামে।
হিজলা থানার ওসি সোলায়মান হোসেন জানিয়েছেন, জলিলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি ডাকাতি, পাঁচটি চুরি, তিনটি হত্যা এবং একটি চাঁদাবাজির মামলাসহ মোট ১৬টি মামলা আছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক।
সম্প্রতি জলিল নিজ গ্রামে ফিরেছেন বলে গোপন তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের একটি কচুরিপানায় আচ্ছাদিত খালে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা খালে নেমে তাকে গ্রেপ্তার করেন।
ওসি সোলায়মান হোসেন বলেছেন, জলিলকে আটক করতে গিয়ে পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।




