নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু
নড়াইল প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
নড়াইলের দুই এলাকায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার পুকুরে ডুবে মারা গেছে দুই ভাই।
তারা হলো- ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের দুই বছরের ছেলে ওমর ফারুক ও পাঁচ বছরের আবু বক্কার। খেলার ছলে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় দুজন- বললেন স্বজনরা। শিশুদের খুঁজতে গিয়ে পুকুরে দেহ ভাসতে দেখেন তারাই। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।
এদিন দুপুরে নড়াইল সদরের শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছরের ছেলে আব্দুর রহমানের মরদেহ পাওয়া গেছে বাড়ির পাশের পুকুরে। পরিবারের ভাষ্য, খেলতে গিয়ে ডুবে মারা গেছে সে।
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী জানালেন, পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে আনার আগেই তারা মারা যায়।




