নোয়াখালীতে হাসপাতালের কক্ষ থেকে টাকা চুরির অভিযোগ

মাদারল্যান্ড হাসপাতাল। ছবি: আগামীর সময়
নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে টাকা চুরির অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকালে মাইজদী শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এ ঘটনা ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্ষে ঢুকে তিনি কাগজপত্র ছড়ানো-ছিটানো এবং ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান। পরে কক্ষ থেকে ৮ থেকে ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




