পীরগঞ্জে পৌরসভা ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

পীরগঞ্জে ধসে পড়েছে পৌরসভার ভবনের নির্মাণাধীন ছাদ
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভা ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে আরাজীগঙ্গারামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আছাদুল হক ও শিহাব।
আছাদুল হকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। শিহাবের বাড়ি রংপুরে। আহত তিন শ্রমিক হলেন বাবলা মিয়া, লিটন মণ্ডল ও সেলিম মিয়া। তাদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে পৌরসভার নতুন ভবনের ছাদ নির্মাণের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। বিকালে হঠাৎ ছাদের সাটারিং ভেঙে পড়লে পাঁচজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আছাদুল হক ও শিহাবকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয়রা আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।’
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন ২০২০-এর কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।



