জামালপুরে ড্রামে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শ্রমিক নিহত
জামালপুর প্রতিনিধি

ফাইল ছবি
জামালপুরের মাদারগঞ্জে পরিত্যক্ত ড্রাম কাটার সময় বিস্ফোরণে নিহত হয়েছেন এক শ্রমিক। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জোনাইল বাজারের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
নিহত নূরনবী ফকির (৩৫) জোনাইল পক্ষীমারী এলাকার মতি ফকিরের ছেলে। তিনি ওয়েল্ডিংয়ের কাজ করতেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানালেন, আজ বিকালে নিজের দোকানে বসে একটি পরিত্যক্ত ড্রাম কাটছিলেন নূরনবী। এ সময় ড্রামের ভেতর জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরিত হয়।
তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসে। তবে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি স্নেহাশীষ বললেন, ‘কেমিক্যালের ড্রামের ভেতরে গ্যাস জমে ছিল। ড্রামের মুখ কাটার সময় বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।’







