নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মরদেহ ঘিরে স্থানীয়দের ভিড়
নেত্রকোনায় নিখোঁজের একদিন পর রূপকন মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাংলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বুইদ্দার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত রূপকন মিয়া নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের গিটুর পাড়া গ্রামের হুসেন আলীর ছেলে।
তিনি নেত্রকোনা পৌরশহরের কুরপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পৌরশহরে অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রূপকন মিয়া। বৃহস্পতিবার নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে নয়াপাড়া গ্রামের বুইদ্দার জঙ্গলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী ঘটনাস্থলে এসে মরদেহটি তার স্বামী রূপকন মিয়ার বলে শনাক্ত করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল সরকার জানান, দুপুরে নির্জন স্থানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের চোখে আঘাতের চিহ্ন রয়েছে।



