দুই বছর ধরে পথের অপেক্ষায় সেতু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাঙালি নদীর ওপর নির্মিত সেতু
নদীর ওপর দাঁড়িয়ে আছে সেতু। নির্মাণ শেষ হয়েছে দুই বছর আগে। খরচ হয়েছে ৬ কোটি ৬৭ লাখ টাকা। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুটি।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙালি নদীর শিমুলবাড়ীয়া নয়া মিয়ার ঘাটে নির্মাণ করা হয়েছে সেতুটি।
স্থানীয়দের অভিযোগ, সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পর সংযোগ সড়কের কাজ শুরু করতে গেলে নদীর দুই পাড়ের জমি নিজেদের দাবি করে কাজ বন্ধ করে দেন কয়েকজন ব্যক্তি। এরপর আর সংযোগ সড়কের কাজ এগোয়নি।
দ্রুত জটিলতা নিরসন করে সেতুটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বলেছেন, ‘সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। এ বিষয়ে তাগাদা দেওয়া হচ্ছে।’
এলজিইডির সাঘাটা উপজেলা প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, স্থানীয় কয়েকজনের বাঁধার কারণে সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ সপ্তাহে কাজ শুরু হতে পারে।



