উজিরপুর
নিষেধাজ্ঞার মধ্যেই সন্ধ্যা নদীতে ৬০ নৌকায় মাছ শিকার

সংগৃহীত ছবি
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে চলছে মাছ শিকার। আজ রবিবার বিকেল পাঁচটার দিকে মেজর এম এ জলিল সেতুর ওপর থেকে নদীর কালীর বাজার এলাকায় ৫০ থেকে ৬০টি মাছ ধরার নৌকা দেখা গেছে।
এ সময় জেলেদের মাছ ধরতে দেখা গেলেও ঘটনাস্থলে মৎস্য বিভাগ বা উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।
নিষেধাজ্ঞার মধ্যে একসঙ্গে এতগুলো নৌকায় মাছ শিকারের ঘটনায় নদীতে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, সন্ধ্যা নদীর বিস্তীর্ণ এলাকায় অভিযান পরিচালনায় জনবল ও দলসংকটের কথা স্বীকার করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।
তিনি বলেন, আমাদের অভিযান টিম হলো দুটি। একটি নদীর ভেতরে থাকে, অপরটি পাড়ে থাকে। আমাদের এই দুটি টিম দিয়ে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সন্ধ্যা নদীর এলাকা অনেক বড়।
স্থানীয়ভাবে নদীতে মাছ শিকার বন্ধে অভিযান ও নজরদারি আরও জোরদারের দাবি উঠেছে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখা জরুরি।
এ সময়ে মাছ শিকার চলতে থাকলে ইলিশের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।




