সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৫ ডেঙ্গু রোগী

হাসপাতালে ডেঙ্গু রোগী
সাতক্ষীরায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন।
এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২৭৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ভর্তি হয়েছেন ২৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতিদিনই নতুন রোগী সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানান, ডেঙ্গুর সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ও চোখের পেছনে ব্যথা। এসব উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পরীক্ষা করানো জরুরি।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বললেন, ‘জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে অনেক রোগী ভর্তি হচ্ছেন।’
ডেঙ্গু থেকে প্রতিকারে তার পরামর্শ, বাড়িঘর ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। যেখানে সেখানে কৌটা, ডাবের খোসা বা পানি জমতে পারে এমন পাত্র ফেলে রাখা যাবে না। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।





